নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম মারা গেছেন। সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে সংকটাপন্ন অবস্থায় তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, শাকিলের মৃত্যুতে স্বজন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তী সময়ে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রাজশাহী বুলেটিন ২৪ | সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ