রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১৫৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারের পাশাপাশি তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
[caption id="attachment_585" align="alignnone" width="896"]
বাঘা ও চারঘাটে ডিবি পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও এস্কাফ সিরাপ উদ্ধার।[/caption]
রাজশাহী জেলা পুলিশের গণমাধ্যম শাখার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৫ নভেম্বর সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বাঘা থানার হামিদকুড়া গ্রামের একটি আমবাগানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় মো. জিনারুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তির দেহ তল্লাশি করে ১৫৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি বাঘা থানার গোচর গ্রামের মৃত আব্দুল জলিল প্রামাণিকের ছেলে।
পুলিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ অভিযানের সময় সাগর (৪৫) নামের আরেক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পৃথক আরেকটি অভিযান চালানো হয় ৬ নভেম্বর ভোর ৫টা ৩০ মিনিটে চারঘাট থানার চক মোক্তারপুর (সরকারপাড়া) গ্রামে। এ অভিযানে ৩০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার হিসেবে শ্রী রঞ্জয় মন্ডল (৩৯) ও মো. মাবুদ আলীর (৩৯) নাম উল্লেখ করা হয়েছে। রঞ্জয় ওই গ্রামের শ্রী হীরেন মন্ডলের ছেলে এবং মাবুদ আলী মৃত আমজাদ আলীর ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মো. মাবুদ আলীর বিরুদ্ধে চারঘাট থানায় আগে থেকেই তিনটি মাদক মামলা রয়েছে।
রাজশাহী জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা মাদকদ্রব্যের ঘটনায় বাঘা ও চারঘাট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।
রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালিত হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।