
চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজশাহী রেঞ্জ পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।
বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির উপস্থিত অতিথি, পুলিশ সদস্য, কোচ ও খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। তিনি রাজশাহী বিভাগের খেলোয়াড়দের, বিশেষ করে নারী খেলোয়াড়দের সাহস, আগ্রহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করেন।
তিনি বলেন, শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখা, মেধার বিকাশ এবং কর্মদক্ষতা বৃদ্ধিতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তরুণ সমাজকে ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে দূরে রেখে সুস্থ ও কর্মমুখী জীবন গড়ে তুলতে নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
জেলাভিত্তিক প্রতিযোগিতায় বগুড়ার পারফরম্যান্সের কথা উল্লেখ করে পুলিশ কমিশনার আগামীতে জাতীয় পর্যায়ে রাজশাহী চ্যাম্পিয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সুন্দর আয়োজনের জন্য আয়োজক কমিটি, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রতিযোগিতার সার্বিক সফলতা কামনা করেন তিনি।
পরে চ্যাম্পিয়নশিপ আয়োজক কমিটির সভাপতি ও রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদ সমাপনী বক্তব্য দেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, ক্রীড়া সংস্থার কর্মকর্তারা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, গণমাধ্যমকর্মী, পুলিশ সদস্য এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।