রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৯ অক্টোবর) রাজশাহী জেলা পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১০টা ১৫ মিনিটে পুঠিয়া থানার বানেশ্বর বাজার থেকে নামাজগ্রাম এলাকার মনোজিতের মার্কেটের সামনে পাকা সড়কে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় মো. জয় ইসলাম ও মো. তাওসিফ আশরাফীর দেহ তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জয় ইসলাম রাজশাহীর চারঘাট উপজেলার মৌগাছি গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে। অপরদিকে তাওসিফ আশরাফী পুঠিয়া উপজেলার নামাজগ্রাম গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
রাজশাহী জেলা পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।