কালীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে দুদকের অভিযান; নিয়োগের কাগজপত্র দেখাতে পারেননি আটক ব্যক্তি।
ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে ঘুষের ৪ হাজার ৩০০ টাকাসহ রাকিব হোসেন নামে এক কর্মচারীকে হাতেনাতে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে দুদকের ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে জমি রেজিস্ট্রি করতে আসা ব্যক্তিদের কাছ থেকে নেওয়া ঘুষের ৪ হাজার ৩০০ টাকাসহ রাকিবকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতে ঘুষের টাকাসহ আটক রাকিবকে ২০০ টাকা জরিমানা করা হয়। এ সময় তিনি তার নিয়োগসংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
দুদকের সহকারী পরিচালক খালিদ মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনা করা হয়। জমি রেজিস্ট্রি করতে আসা ব্যক্তিদের স্ট্যাম্প ও রেজিস্টারে টিপসই নেওয়ার কাজ করেন ওমেদার রাকিব। এ কাজের জন্য তিনি প্রত্যেকের কাছ থেকে অন্যায়ভাবে ১০০ টাকা করে আদায় করতেন। অভিযানে ঘুষের ৪ হাজার ৩০০ টাকাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। তবে তিনি তার নিয়োগের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
তিনি আরও জানান, কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ওমেদার পদে কর্মরত রাকিব, শাকিল ও অঞ্জলি নামে তিনজনকে অফিস থেকে বের করে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাব-রেজিস্ট্রারকে বলা হয়েছে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক রাকিবকে জরিমানা করেন।