নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বেরিলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—বেরিলাবাড়ী গ্রামের সেরাজুল হকের মেয়ে শিউলী খাতুন (২ বছর ৬ মাস) এবং আনারুল ইসলামের মেয়ে আফিয়া খাতুন (২)।
পুলিশ জানায়, দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত দুই শিশু পাশের একটি পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।