সরকার বিধবা কিংবা বেকার কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে তা নেবেন—এমন মন্তব্য করে দেশে স্বজনপ্রীতি ও অনিয়মের সমালোচনা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তিনি এ মন্তব্য করেন।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর ছাত্রশক্তি আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে সারের ডিলার নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন হাসনাত আবদুল্লাহ। তাঁর অভিযোগ, সম্প্রতি ডিলার নিয়োগে কয়েকজন সংসদ সদস্যের ছেলে, মেয়ে এমনকি শ্যালিকারাও ডিলারশিপ পেয়েছেন।
এ ধরনের ঘটনা তুলে ধরে তিনি বলেন, দেশে স্বজনপ্রীতির যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সরকার বিধবা বা বেকার কার্ড চালু করলেও সংসদ সদস্যদের পরিবারের সদস্যরা সবার আগে সেই সুবিধা নেওয়ার চেষ্টা করবেন।
শিক্ষাঙ্গনের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রসঙ্গও তুলে ধরেন এনসিপির এই নেতা।
তিনি দাবি করেন, চুয়েটের উপাচার্যকে শিক্ষক ও শিক্ষার্থীরা চান না। এ সময় একটি বিশেষ গোষ্ঠী দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে হাসনাত আবদুল্লাহ স্বজনপ্রীতি, প্রশাসনিক অনিয়ম ও শিক্ষাঙ্গনের পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।