রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম হেরোইনসহ মোঃ ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ জানায়, রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে গত ৩০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০টা ১০ মিনিটের দিকে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানটি গোদাগাড়ী থানাধীন দেওপাড়া ইউনিয়নের চক চাঁপাল গ্রামের চাঁপাল জামে মসজিদের উত্তর পাশে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী মহাসড়কে পরিচালিত হয়। এ সময় মোঃ ফারুক হোসেনের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে দুটি সাদা স্বচ্ছ পলিথিনে মুখবন্ধ অবস্থায় বাদামী রঙের গুঁড়া পদার্থ উদ্ধার করা হয়। পুলিশ সেটিকে ১৫০ গ্রাম হেরোইন বলে জানিয়েছে।
গ্রেপ্তারকৃত ফারুক হোসেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আষাড়িয়াদহ ৫ নম্বর গ্রামের মোঃ শহিদ আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।