Oplus_131072
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার আজমতপুর হুদমাপাড়া গ্রামের একটি রাইস মিলের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করে শিবগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর বাগিচাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. আসাদুল (৪০) এবং একই গ্রামের তৈয়ব আলী তেনুর ছেলে মো. রজিবুল হক (২৯)।
জেলা পুলিশের প্রেসনোটে বুধবার (৪ নভেম্বর) বিকেলে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এসআই (নিরস্ত্র) তারেক মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
অভিযানকালে আসাদুল ও রজিবুল হককে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে জেলা পুলিশের পক্ষ থেকে আশপাশে মাদক কারবারির সন্ধান পেলে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।