কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, এক রাউন্ড কার্তুজ, দুটি লোহার তৈরি গ্রিল/রড কাটার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান উদ্ধার করেছে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। এ সময় মো. রুবেল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে দাউদকান্দি থানাধীন গৌরীপুর ইউনিয়নের স্বল্প পেন্নাই এলাকায় ঈশাখাঁ পেট্রোল পাম্পের পেছনে নুরুল ইসলামের একটি গোডাউনে অভিযান চালানো হয়। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে গোডাউন থেকে মো. রুবেলের হেফাজতে থাকা একটি দেশীয় একনলা বন্দুক, এক রাউন্ড কার্তুজ, দুটি নীল রঙের লোহার তৈরি গ্রিল/রড কাটার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক রুবেল লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর থানার চরভুতা এলাকার জাহাঙ্গীর আলম ও রেজিয়ার ছেলে। তার বয়স ৩২ বছর। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি কথিত কুখ্যাত ডাকাত সর্দার নূরনবী গ্রুপের সক্রিয় সদস্য। এর আগে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও চুরির একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।