Oplus_131072
বগুড়ার শাজাহানপুরে বিশেষ কৌশলে পায়ের অ্যাংলেটে লুকিয়ে ইয়াবা পাচারের অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লাখ টাকা।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা থানার দোগাছী গ্রামের সোহাগ মৃধা (৩১) ও তার স্ত্রী মোছা. সারমিন খানম (২৫)। তারা ঢাকার মিরপুর-১ এলাকার মধ্যপাইকপাড়ার আহম্মদ নগরে বসবাস করতেন বলে জানিয়েছে ডিএনসি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে নয়মাইল জামালপুর এলাকায় অবস্থান নেয় ডিএনসির একটি দল। এ সময় ঢাকা থেকে বগুড়াগামী আর কে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে সারমিন খানমের দুই পায়ের হাঁটুর নিচে অ্যাংলেটে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ইয়াবার প্যাকেট পাওয়া যায়। তার ডান পায়ের অ্যাংলেটে থাকা ২০টি প্যাকেটে ৪ হাজার পিস এবং বাম পায়ের অ্যাংলেটে থাকা ১৯টি প্যাকেটে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা ইয়াবার সংখ্যা ৭ হাজার ৮০০ পিস এবং ডিজিটাল স্কেলে এর ওজন পাওয়া যায় ৭৬০ গ্রাম। এ ছাড়া মাদক পাচারে ব্যবহারের অভিযোগে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান জানান, এ ঘটনায় শাজাহানপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের চালানের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।