নাটোরের লালপুরে অটোভ্যান চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। এ সময় চোরাই অটোভ্যান বিক্রির ৩৭ হাজার টাকা উদ্ধার ও জব্দ করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, গত ১৩ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে লালপুর থানার বাকনাই গ্রামে মো. শাকিল আলীর বাড়ির বারান্দায় শিকল দিয়ে তালাবদ্ধ করে রাখা একটি অটোভ্যান চুরি হয়। পরদিন ভোর ৫টার দিকে তিনি চুরির বিষয়টি জানতে পারেন। চুরি হওয়া অটোভ্যানটির আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।
এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) এ.জে. মিন্টু ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন। তদন্তের ধারাবাহিকতায় ২০ অক্টোবর লালপুর থানা এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাজদার রহমান (৫১), মো. মিলন ইসলাম (২৯), মো. আবেদ আলী (৪৫) ও মো. শফিকুল ইসলাম (২৪)। তাঁদের সবার বাড়ি নাটোরের লালপুর থানাধীন বাকনাই (কদমতলা) গ্রামে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে চুরি হওয়া অটোভ্যান বিক্রির ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে এ ঘটনার সঙ্গে তাঁদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। মামলার তদন্ত চলমান রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের ২০ অক্টোবর আদালতে সোপর্দ করা হয়েছে।