প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে ‘স্নাইপারের অভাব’ মন্তব্য করা আবু বকর সিদ্দিক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এডিসি মিডিয়া মো. গাজিউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি), এসআরবি ও আরএমপির সম্মিলিত প্রচেষ্টায় আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান (ডিবি) শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর আবু বকরকে ঢাকায় নেওয়া হচ্ছে।
এর আগে, গত ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী সফরে আসেন। বিকেল ৩টার দিকে তাঁকে বহনকারী বিশেষ বিমান রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। পরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে তিনি নগরীতে প্রবেশ করেন। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ তাঁকে শুভেচ্ছা জানান। চলন্ত বাস থেকে হাত নেড়ে তাঁদের অভিবাদনের জবাব দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর যাতায়াতে ব্যবহৃত বাসের ছবি দিয়ে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়। ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ। ছিল শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’
মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়। পরে মন্তব্যকারীকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।