নওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ২টা ৩০ মিনিটের দিকে নওগাঁ সদর থানাধীন বক্তারপুর ইউনিয়নের কাউয়াতলী মোড়ে এ অভিযান চালানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, নওগাঁ থেকে বদলগাছীগামী পাকা সড়কের দারোগার ইটভাটা এলাকায় কয়েকজন ডাকাতির প্রস্তুতির জন্য সমবেত হলে জেলা পুলিশের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় কয়েকজন পালিয়ে যায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মাসুদ (৩৫), পিতা মৃত লুৎফর রহমান, আনন্দনগর; মো. হাসান (৩২), পিতা মো. ভুট্টু কসাই, উকিলপাড়া; এবং মো. সজীব দেওয়ান (২৮), পিতা মৃত সামাদ দেওয়ান, আনন্দনগর। তাঁদের সবার বাড়ি নওগাঁ সদর থানা এলাকায়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চাইনিজ কুড়াল, রশি, হাসুয়া, বাঁশ ও লোহার পাইপসহ ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশের দাবি। তাঁরা চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত এবং বৈদ্যুতিক লাইন, মিটার ও তার চুরিতে পারদর্শী বলেও জানায় পুলিশ।
পলাতক ও অজ্ঞাতনামা ব্যক্তিদের নাম-ঠিকানা সংগ্রহ করে তাঁদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।