Oplus_131072

মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে ডিজিটাল মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে নাটোরে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৪ অক্টোবর) নাটোরের পুলিশ সুপার সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ সময় প্রতারণার কৌশল, গ্রেপ্তার ব্যক্তির সংশ্লিষ্টতা ও গৃহীত আইনগত পদক্ষেপ তুলে ধরা হয়।
পুলিশ জানায়, একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন ডিজিটাল যোগাযোগমাধ্যমে নিজেদের মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছিল। সরকারি চাকরি, রাজনৈতিক পদে পদায়ন ও মনোনয়নের প্রলোভন দেখিয়ে চক্রটি অর্থ দাবি করত।
সম্প্রতি চক্রের সদস্য আবু হূরায়রা ওরফে খালেদ ওরফে রাশেদ (৩০) একই কৌশলে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে রাজনৈতিক পদে মনোনয়নের ফরম পূরণের কথা বলে অর্থ দাবি করেন। বিষয়টি জানার পর তাঁকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হয়।
এর ধারাবাহিকতায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় নাটোর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আবু হূরায়রা ওরফে খালেদ ওরফে রাশেদকে গ্রেপ্তার করে। তিনি নাটোরের সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া গ্রামের জিয়াদুল ইসলামের ছেলে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সিংড়া থানায় মামলা নং-১৭, তারিখ ২৪ অক্টোবর ২০২৬-এর ভিত্তিতে সংশ্লিষ্ট আইনের ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ বেতারের রংপুর কেন্দ্রে রেডিও টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। রংপুরে অবস্থানকালে একই ধরনের প্রতারণার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হওয়ার তথ্যও রয়েছে।
প্রতারক চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি ডিজিটাল মাধ্যমে কেউ পরিচয় বা পদবি ব্যবহার করে অর্থ দাবি করলে সতর্ক থাকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।