: নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে চোক্কা ওরফে খোকন (৩৬) নামে একজন রয়েছেন, যার বিরুদ্ধে ১১টি মামলা চলমান এবং পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে বন্দর থানাধীন সোনাচড়া ও রামনগর এলাকার বায়তুল মামুর জামে মসজিদের পেছনে তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য দুজন হলেন মোঃ পারভেজ (২৮) ও মোঃ মঞ্জুর (৫০)। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের দিকনির্দেশনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জামাল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত লোহার রামদা, একটি প্লাস্টিকের বাটযুক্ত ছুরি, একটি লোহার চাপাতি, কালো কস্টেপে মোড়ানো একটি ছুরি, হলুদ প্লাস্টিকের বাটযুক্ত দুটি ছুরি এবং একটি তার কাটার প্লাস উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বন্দর থানায় ডাকাতির প্রস্তুতির মামলা করা হয়েছে। পুলিশ আরও জানায়, পারভেজের বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতি মামলা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মঞ্জুরের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ মোট তিনটি মামলা চলমান রয়েছে।