Oplus_131072
কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের আস্তানা থেকে জিম্মিদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে মো. তিতাস শেখ (২৭) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ অভিযানে ৫৭ জন জিম্মিকে উদ্ধার করা হয়েছে এবং অস্ত্রসহ পাঁচজন মানবপাচারকারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেলে টেকনাফের রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিযান চলাকালে মানবপাচারকারীরা যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে সেনাসদস্য তিতাস শেখ গুরুতর আহত হন।
পরে তাঁকে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অভিযান চলাকালে যৌথ বাহিনী মানবপাচারকারীদের আস্তানা থেকে ৫৭ জন জিম্মিকে উদ্ধার করতে সক্ষম হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে অস্ত্রসহ পাঁচজন মানবপাচারকারীকে আটক করা হয়।
নিহত সেনাসদস্য মো. তিতাস শেখ (২৭) ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বাসিন্দা ছিলেন।