Oplus_131072
রংপুরের বিভিন্ন জেলায় চোখের পলকে মোটরসাইকেল চুরি করত একটি চক্র। চক্রটির প্রধান শাহিন মিয়াসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরি হওয়া আটটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
রংপুর নগরীর তাজহাট এলাকায় একটি মোটরসাইকেল চুরির ঘটনার তদন্তে নেমে চক্রটির সন্ধান পায় পুলিশ। গত ৫ অক্টোবর আলহাজনগর দর্শনা গ্রামে আবদুল ওহাবের বাসার মূল ফটকের সামনে থেকে গোলাম রব্বানীর মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় তিনি তাজহাট থানায় লিখিত অভিযোগ করেন।
পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর নগরীর মডার্ন মোড় এলাকা থেকে চক্রের প্রধান শাহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন শিমুল মণ্ডল, মিলন মিয়া, মো. হাসান মিয়া ও মো. রাশেদ প্রধান। এ সময় চুরি হওয়া মোটরসাইকেলসহ পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরে আদালতের অনুমতি নিয়ে গ্রেপ্তার আসামিদের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জ এলাকায় অভিযান চালায় পুলিশ।
গত ২০ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে পীরগঞ্জ থানার শানেরহাট বাজার এলাকা থেকে চক্রের আরেক সদস্য মো. রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিবন্ধনহীন আরও তিনটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম জানান, শাহিন মিয়াসহ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। পাঁচ আসামিকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হবে।