Oplus_131072
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির পাশের পুকুরে ডুবে একই দিনে জন্ম নেওয়া দুই চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো ওই গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে মিফতাহুল জান্নাত ও জিল্লুর রহমানের ছেলে আব্দুল্লাহ আরাফ। তাদের দুজনেরই বয়স এক বছর ১০ মাস।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মন্ডল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঘুম থেকে ওঠার পর শিশু দুটি একসঙ্গে খেলছিল। এ সময় তাদের মায়েরা সকালের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা।
পরে পরিবারের সদস্যরা শিশু দুটিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে স্বজন ও স্থানীয়রা।
একই দিনে জন্ম নেওয়া দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে চলছে আহাজারি। শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।